মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের সংঘর্ষে আহত ২৫

প্রকাশ : 14 Sep 2026
মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে এ ঘটনায় ফোরামের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের হস্তক্ষেপের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরাম আগে থেকেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে একই সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিতে যান।


দুই পক্ষ একই স্থানে মুখোমুখি অবস্থান নিলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের অভিযোগ, কর্মসূচি শুরুর পর আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত সাবেক কর্মীরা ও এস আলমের অনুসারীরা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর পরিকল্পিত হামলা চালান। পুলিশের উপস্থিতিতেই তাদের সদস্যদের টেনে-হিঁচড়ে নেওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি হামলার ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।


অপরদিকে চাকরিচ্যুতদের দাবি, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের অজুহাতে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় ৫ হাজার কর্মী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতনসহ নিঃশর্ত পুনর্বহালই তাদের এক দফা দাবি।


খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে দিলকুশা ও ব্যাংক পাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একটি সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

;