১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রকাশ : 02 Sep 2026
১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।


বুধবার ২ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে এসব কমিটি গঠন করা হয়। এ পর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে কমিটিগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়কে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সেলিমা রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।


এ ছাড়া জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয়, আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কলিম উদ্দিন আহমেদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আমান উল্লাহ আমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, হুইপ জিকে গউছকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নাসের রহমানকে ভূমি মন্ত্রণালয় এবং রফিকুল ইসলাম জামালকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।


এর আগে চলতি ত্রয়োদশ সংসদে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য, শিল্প, পানি সম্পদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ ৬টি এবং গত ১৩ জুলাই আরও ৬টি কমিটি গঠন করা হয়েছিল। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ে মুশফিকুর রহমানকে সভাপতি করে দুটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। সব মিলিয়ে তৃতীয় অধিবেশনে এখন পর্যন্ত ১৫টির বেশি কমিটি গঠন সম্পন্ন হলো।


সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা প্রতিমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন। তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে, এই অধিবেশনে বাকি মন্ত্রণালয়ভিত্তিক কমিটিগুলোও গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।


সম্পর্কিত খবর

;