বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

প্রকাশ : 07 Sep 2026
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল এবং সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশনে প্রবেশের সময় পেছনের দিকের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়। 


দুর্ঘটনার পর সান্তাহার জংশন হয়ে চলাচলকারী ট্রেনগুলোর যাত্রা ব্যাহত হয়। রেলগেট এলাকায় ট্রেন আটকে থাকায় সড়ক যোগাযোগও সাময়িক বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস সান্তাহার জংশনে এবং রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে আটকা পড়ে। 


খবর পেয়ে সান্তাহার জংশন কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে লাইনচ্যুত বগিটি রেখেই রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে সান্তাহার স্টেশন ছেড়ে যায়।


স্টেশন মাস্টার জানান, লাইন সচল করতে পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এর আগে ঈশ্বরদী থেকেও রিলিফ ট্রেন পাঠানোর খবর জানিয়েছিল রেলওয়ে থানা পুলিশ। 

সম্পর্কিত খবর

;