স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে জাতীয় সংসদের সদস্যগণ অর্থবিল এবং আস্থাভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন। কিন্তু, অন্য যেকোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন৷ এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে।
মঙ্গলবার ( ১৭ জুন ) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের ব্রিফকালে আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৪টি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলের মধ্য থেকে নির্বাচনের সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে বলে উল্লেখ করেন আলী রীয়াজ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে পাবলিক একাউন্টস্ কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটি-সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে আসনের সংখ্যানুপাতে বিরোধীদলের মধ্য থেকে নির্বাচন করার ব্যাপারে সকলে একমত হয়েছেন। এছাড়া সংসদে নারীদের জন্য ১০০ আসনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। তবে, তাদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আজকের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান বিচারপতি নিয়োগে সংবিধানে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে কমিশনের সহ-সভাপতি জানান। তিনি আরো জানান, এ বিষয়ে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি রাজনৈতিক দল একমত হয়েছে। আগামীতে পুনর্বার আলোচনার মাধ্যমে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে৷
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আগামীকাল সকাল ১১টায় আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। এতে আজকের অসমাপ্ত
আলোচনা-সহ জাতীয় সংবিধান কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ছেড়ে প্যারিসের উদ্দেশে যাত্রা করেছেন। তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি বা উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ব ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার ছুটির তৃতীয় দিন আজ বুধবার, ২৭ মে ২০২৬। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ার চাপ কিছুটা কমলেও কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে এখনও ঘরমুখো ম ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় বুধবার, ২৭ মে ২০২৬ ভোর থেকে আকাশ মেঘলা থাকার পর সকাল ৮টার পর অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আ ...
সব মন্তব্য
No Comments