সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি ফতোয়া বোর্ডের আহ্বান

প্রকাশ : 11 Sep 2026
সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি ফতোয়া বোর্ডের আহ্বান

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনটি সরাসরি কোরআন-সুন্নাহ বিরোধী। আইনটির যে অংশে বলা হয়েছে Gift Reserving Life Usufruct অর্থাৎ নির্দিষ্ট রক্ত-সম্পর্কীয় ব্যক্তি এবং স্বামী-স্ত্রীর মধ্যে এমনভাবে সম্পত্তি দান করা যাবে যাতে দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণ করতে পারেন, সেটি ইসলামী শরিয়াহর হেবা, মিরাস ও ওসিয়াতের প্রতিষ্ঠিত নীতির সাথে সাংঘর্ষিক।


মুফতিগণ তাদের বক্তব্যে তিনটি শরয়ী যুক্তি তুলে ধরেন। প্রথমত, হেবা বা দানের পর দাতা কর্তৃক দানীয় সম্পত্তি ভোগ করার অধিকার সংরক্ষণ করলে তা মূলত মৃত্যুর পর কার্যকর হওয়ায় মিরাসী সম্পত্তি হিসেবে গণ্য হয়, আর মিরাস আল্লাহ কর্তৃক নির্ধারিত ওয়ারিশদের নির্ধারিত অংশ। দ্বিতীয়ত, হাদিসে দান করে তা ফেরত নেওয়া বা ভোগ করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তৃতীয়ত, ওসিয়াতের ক্ষেত্রে শরিয়তে সীমা নির্ধারিত আছে, সর্বোচ্চ এক তৃতীয়াংশ ওসিয়াত করা যায় এবং কোনো ওয়ারিশের জন্য ওসিয়াত করা যায় না। এ প্রসঙ্গে তারা বুখারি, মুসলিম, জামে তিরমিযীসহ বিভিন্ন হাদিস গ্রন্থের উদ্ধৃতি দেন।


বিবৃতিতে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি আল-লাজনাহ আদ-দায়িমাহর ১১০৮৭ নম্বর ফতোয়া, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (IUMS) এবং দারুল উলূম দেওবন্দের ফতোয়ার কথাও উল্লেখ করা হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের চাওয়ার প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রদত্ত একটি ফতোয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, মিরাস বণ্টননীতিকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে এ ধরনের হেবা স্পষ্ট হারাম এবং ওয়ারিশের জন্য ওসিয়াত শরিয়তের দৃষ্টিতে বাতিল।


ফতোয়া বোর্ডের নেতৃবৃন্দ আগামীকাল শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে জুমার খুতবায় ইমাম-খতিবদের এ আইনের কোরআন বিরোধী ধারাসমূহ নিয়ে আলোচনার আহ্বান জানান। তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর পারিবারিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হেবা, মিরাস ও ওসিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নতুন আইন প্রণয়নের আগে স্বীকৃত মুফতি, ইসলামি আইন বিশেষজ্ঞ ও আলেমদের সমন্বয়ে বিস্তারিত শরিয়াহ পর্যালোচনা প্রয়োজন।


বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ডের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাওলানা আবু তাহের জিহাদী, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মহাসচিব ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি আবু জাফর কাসেমী, মুফতি আলী হাসান ওসামাসহ শতাধিক মুফতি ও আলেম। বিবৃতিটি প্রেরণ করেন বোর্ডের প্রচার বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন।


সম্পর্কিত খবর

;