রাজধানীর লালমাটিয়া থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আরজু আটক

প্রকাশ : 15 Sep 2026
রাজধানীর লালমাটিয়া থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আরজু আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, ঘটনাস্থলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান বলে পুলিশ জানিয়েছে।


ওসি আব্দুল হালিম জানান, আটককৃত আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জনাব আলী খন্দকার। পেশায় ব্যবসায়ী আজিজুল হক আরজু রাজনীতির পাশাপাশি বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।


সম্পর্কিত খবর

;