স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটটি সংসদ সদস্য গাজী নজরুলের জন্য বরাদ্দকৃত। পুলিশ জানায়, তিনি এই ফ্ল্যাটে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও ডিবির দলও পরিদর্শন করে।
এই ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ মামলায় গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামি ওবায়দুর পলাতক।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর বড় মেয়ে মরিয়মের সঙ্গে গত জুনে ইসলামি শরিয়ত মোতাবেক সংসদ সদস্য গাজী নজরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক-মানসিক নির্যাতন করতেন বলে পরিবারকে মুঠোফোনে জানাতেন মরিয়ম। গত ২০ সেপ্টেম্বর বিকেলে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত ন্যাম ভবনে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি ঘরে ভিড় দেখতে পান এবং পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে মরদেহ দেখতে পান। বিছানার ওপর থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা পাঁচটি কারণ উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আত্মহত্যার সময় একই বাসায় আসামিদের উপস্থিতি ও তাদের কোনো প্রভাব ছিল কিনা, প্ররোচনা বা মানসিক চাপের ভূমিকা, পলাতক আসামি ওবায়দুরের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা কারো জড়িত থাকার বিষয় এবং মামলার মূল রহস্য উদঘাটন। পুলিশ বলছে, উদ্ধার হওয়া চিরকুটটি মরিয়মের হাতের লেখা কিনা তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাই মাসে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে তিনি দাবি করেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম। এই ঘটনার জেরে ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments