যশোর প্রতিনিধি: দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে আর পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অধিকার দমনের কোনো সুযোগ আর কাউকে দেওয়া হবে না এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সোমবার বিকেলে যশোর জেলা ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে হরতাল-অবরোধের মাধ্যমে জনগণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো গোষ্ঠী যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি দেশের জনগণ। তাদের সমর্থন নিয়েই দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায়। গত দুই দশকে যেসব উন্নয়ন উদ্যোগ থমকে ছিল, সেগুলো পুনরায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। বিশেষ করে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা, গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
নারীদের কষ্ট লাঘবে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পরিবার কার্ডের পাশাপাশি ভবিষ্যতে ‘এলপিজি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে রান্নার জ্বালানি সমস্যা কমে এবং পরিবারের দৈনন্দিন জীবন সহজ হয়।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সংসদে এ সনদের প্রতিটি শর্ত বাস্তবায়ন করা হবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, কিছু গোষ্ঠী অতীতের মতোই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপপ্রচার মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
শেষে প্রধানমন্ত্রী দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments