মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণে পথচারী আহত

প্রকাশ : 24 Jul 2026
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণে পথচারী আহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।


শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্প্লিন্টারের আঘাতে এক পথচারী হাসপাতালে আসে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।


আহত মিরাজ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারীর কাজ করেন। শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে বোমার স্প্লিন্টার তার বাম চোখের নিচে এসে লাগে।


এদিকে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় অবিস্ফোরিত বোমাটি পাওয়া যায়।


খবর পেয়ে পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

;