অবসর নেওয়ার পরও মেসিকে দলে রাখছেন আর্জেন্টিনা

প্রকাশ : 16 Sep 2026
অবসর নেওয়ার পরও মেসিকে দলে রাখছেন আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিতে গল্পটা সেখানেই শেষ হচ্ছে না। ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে, এবং সেটি হবে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হিসেবে।


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোর জন্য তিনটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বকাপ রানার্স-আপ আর্জেন্টিনা। ঘোষিত ২৮ সদস্যের দলে নাম আছে মেসিরও।


তবে মেসি তিনটি ম্যাচ খেলবেন না। আর্জেন্টাইন সংবাদমাধ্যম TyC Sports জানিয়েছে, অবসরের ঘোষণা দেওয়া মেসি শুধুমাত্র শেষ ম্যাচটিতে উপস্থিত থাকবেন - ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালে। এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। 


বিষয়টি নিশ্চিত করেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া নিজেই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মেসি জাতীয় দল থেকে তার অবসর ঘোষণা করেছিলেন, কিন্তু তাকে প্রাপ্য বিদায় দিতেই এই উদ্যোগ। তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’ 


আন্তর্জাতিক গণমাধ্যম ESPN-ও নিশ্চিত করেছে, ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি মেসির শেষ ম্যাচ হিসেবে চিহ্নিত থাকবে। ESPN জানায়, মেসি ৩১ আগস্ট ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, ২০৭ ম্যাচে ১২৫ গোল নিয়ে তিনি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন। 


মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে বড় আয়োজন করছে এএফএ। তাপিয়া জানিয়েছেন, মেসি আমন্ত্রণ গ্রহণ করার পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ী দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হয়েছে, যেন তারা গ্যালারিতে থেকে অধিনায়কের শেষ ম্যাচের সাক্ষী হতে পারেন। মনুমেন্তালে ৮৫ হাজার দর্শকের সামনে হবে এই ‘শেষ ট্যাঙ্গো’। 


একইভাবে বেনিন ম্যাচের জন্য শুধু বিশেষভাবে ডাকা হয়েছে রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোকেও, যারা অন্য দুটি প্রীতি ম্যাচে থাকবেন না।

সম্পর্কিত খবর

;