স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”
রবিবার ২৪ মে গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটির আয়োজন করে জেলা প্রশাসন, গাজীপুর ও বিআরটিএ, গাজীপুর সার্কেল।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিতভাবে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা অবশ্যই বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ এই অঞ্চলে সুশৃঙ্খল ও নির্দ্বিধায় ঈদযাত্রা নিশ্চিত করবেন।”
তিনি আরো বলেন, মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন করে যানজট সৃষ্টি করা যাবে না এবং রাস্তার ওপর যত্রতত্র বাস রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।
সড়ক ও সেতু মন্ত্রী বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক রয়েছে। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এছাড়াও সভায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments