গুড়পুকুরের মেলা
একটা পুকুর রহস্যময়, গভীর অনেকখানি
গুড়ের মতো মিষ্টি নাকি সেই পুকুরের পানি!
পুকুরপাড়ে বটের মূলে মা-মনসার ভিটা
মনসাপূঁজার গুড় বাতাসায় পুকুর হতো মিঠা।
সর্পদেবীর পুকুর ওটা, বলছে প্রাচীন পুঁথি
‘গৌড় পুকুর’ নামেও আছে নানান জনশ্রুতি।
তিনশো বছর পূর্ব থেকেই মনসাপুঁজার ধারা
কেউ জানে না একশত ভাড় গুড় ঢালত কারা!
গল্পে আছে- ক্লান্ত পথিক বসলে বটমূলে
ঘুমিয়ে গেলে বিষগোখরো থাকল ফণা তুলে।
ফণা তুলে পথিককে সে দান করল ছায়া
সূর্যটাকে আড়াল করে ছড়িয়ে দিল মায়া ।
দেখল পথিক বিষের ফণাও ত্রাণের কথা বলে
সৃষ্টি হলো মনসা পূঁজার বৃদ্ধ বটের তলে।
তিনশো বছর প্রাচীন এসব লৌকিকতায় ভেসে
গুড়পুকুরের মেলার শুরু ভাদ্র মাসের শেষে।
গুড়পুকুরের মেলা মানেই অপূর্বসব স্মৃতি
ধর্ম প্রথা ঐতিহ্যের অটুট সংস্কৃতি।
এই মেলাতে পসরা নিয়ে মধুর কোলাহলে
দেশ বিদেশের হাজার মানুষ আসত দলে দলে।
গরুরগাড়ি, বজরা বোঝাই পণ্য-পসার যোগে
সাতক্ষীরাতে সাজত মেলা সকলের উদ্যোগে।
কাঠ, মাটি, বাঁশ, বেত লোহা আর কৃষিজ ফলমূলে
প্রাণের মেলা রঙ ছড়াত প্রনসায়রের কূলে।
মেলায় পেতাম মণ্ডা-মিঠাই, খেলনা, পুতুল, বাঁশি
ফলফলারি, কদমা, পাঁপড়, ঘূর্ণি, বেলুনরাশি।
কাঠের পালঙ, মাটির বাসন, লোহার বটি, ছুরি
আলতা, কাজল, কাঁকন, ফিতা, টিকলি কাঁচের চুড়ি
বাতের মলম, দাঁতের মাজন, গাছড়া, শিকড় -বাকড়
ঘুনসি, পলা, সিঁদুর,শাখা প্রিয় মেলার আকর।
তিলের খাজা, খই, বাতাসা, মিষ্টি দধির হাঁড়ি
মেলার মাসে কন্যাবধূ আসত বাপের বাড়ি।
মায়ের কোলে দুধের শিশু, দাদুর কাঁধে নাতি
মেলায় এসে কুলপি খেতো, করত মাতামাতি।
চ্যাঙারি-বাঁক ভর্তি করে টপকে উজান নদী
ঘোল আসত, ওল আসত, আসত ছানা, দধি।
নগরদোলা সার্কাস আর যাত্রা পুতুলনাচে
দিনরাত্রি থাকত মুখর, কার তা মনে আছে?
মেলার দিনে মস্ত হাতি ঘুরত পথে পথে
ঢোল বাদ্য বাজত আহা গুড়পুকুরের রথে।
সঙ্গীতা হল, লাবনী আর রক্সি হলের গেটে
দর্শকেরা হুমড়ি খেতো ব্লাকে টিকিট কেটে।
রুপালি সেই পর্দা ছিল স্বপ্নলোকের চাবি
'বেদের মেয়ে জোছনা' আহা 'দাঙ্গা' 'রাঙাভাবি'।
হাউজি, জাদু, চরকি আজও স্মৃতির পাতায় দোলে
মনসাতলা বিবর্ণ আজ, ধুঁকছে পলাশপোলে।
কোথায় গেল লাল শৈশব রঙিন ছেলেবেলা?
শরৎমাখা শহরজুড়ে গুড়পুকুরের মেলা?
কোথায় গেলো পাটের সিকা, তালপাখা, ফুলদানি
গ্রামবাংলার মেলার খবর রাখে কি রাজধানী?
গুড়পুকুরের মেলার শোকে বেতনা আজও কাঁদে
আজকে মেলা সংকুচিত উগ্রবাদের ফাঁদে।
সেই মেলা আজ হারিয়ে গেছে মহাকালের বাঁকে
চোখ বুঁজলেই রঙিন মেলার গন্ধ ভাসে নাকে।
তিনশো বছর ঐতিহ্যের নকশী কাঁথায় বোনা
গুড়পুকুরের মেলা তোমায় কখনো ভুলব না।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments