দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পুশইনের শিকার ১২ জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাতুয়া সীমান্তের ১৪৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জনকে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে বিএসএফ সীমান্তে আনে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রাগপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বাধার মুখে ১৪৮/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলে সেখানে তারা অবস্থান নেন। ওই ১২ জন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।
তিনটি পরিবারের এই ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের উজির আলীর পরিবারের ৫ সদস্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্য। বর্তমানে তারা প্রাগপুর সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার নিউশিকার সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রাগপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments