৭ দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী

প্রকাশ : 01 Sep 2026
৭ দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী

স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে, ৭ দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট একটি বৈশ্বিক সংকট, যা মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। টার্মিনাল মেরামতের পর সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।


বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানা গেছে, টার্মিনালের একটি বয়লার ক্ষতিগ্রস্ত হলেও অপরটি ৪ থেকে ৫ দিনের মধ্যে চালু করা সম্ভব হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো যাবে। পুরোপুরি মেরামত হলে ঘাটতি পূরণ হবে।


রিজভী আরও বলেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখেছে দেশ, সেই সংকট থেকে উত্তরণেই কাজ করে বিএনপি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে।

সম্পর্কিত খবর

;