অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দা রফিক মোল্লা বলেন,“হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে আসি। দেখি বাসটি খাদে পড়ে আছে, ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করছিল। আমরা নিজেরা ঝুঁকি নিয়ে কয়েকজন যাত্রীকে বাস থেকে বের করে আনি।”
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।দুর্ঘটনাকবলিত বাসের হেলপারের দুই পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে এবং গুরুতর আহত আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। আহত রাহাত খান (৪০), মুসা (৯) ও রায়হান (৩০)-কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এছাড়া অনিকা রানী দাস, মিহির চন্দ্র মালি, নাহিদা, রাজিব, আল মামুনসহ আরও ১৩/১৪ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ গন্তব্যে চলে যান।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন,“দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার কারণে আহতদের সময়মতো হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে"
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এতে কোন নিহত ঘটনা নেই। তবে অনেক বাস যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments