বেলুচিস্তানের দুই কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে নিহত ৩৪

প্রকাশ : 31 Jul 2026
বেলুচিস্তানের দুই কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ২ থেকে ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার, ৩০ জুলাই বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপারেশন পরিচালক মুহাম্মদ ফাহাদ জানিয়েছেন, বিস্ফোরণের পর খনির একটি অংশ ধসে পড়ে। সেখানে উদ্ধার অভিযান এখনও চলছে এবং ৪,০০০ ফুট গভীরতায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।


বেলুচিস্তানের খনি ও খনিজ উন্নয়ন মন্ত্রী শোয়েব নোসেরওয়ানি রয়টার্সকে জানান, বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে ৩৬ জন শ্রমিক ছিলেন। খনির মালিক কুরবান জোগেজাইয়ের বরাত দিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় মোট ৪২ জন শ্রমিক ভেতরে কাজ করছিলেন।


খনি পরিদর্শক প্রধান মুহাম্মদ আতিফ এবং জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আব্দুল গনি বালোচ জানিয়েছেন, পাশাপাশি অবস্থিত দুটি খনিতে শক্তিশালী মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দুটি খনিই ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। 


প্রাথমিক তদন্তে জানা গেছে, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। সোরাঞ্জ এলাকাটি কোয়েটা থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দুর্গম কয়লাক্ষেত্র হিসেবে পরিচিত। সেখানে নিরাপত্তা ব্যবস্থা প্রায়ই অপর্যাপ্ত থাকে বলে অভিযোগ রয়েছে।


বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে দরিদ্র প্রদেশ। এখানে প্রায়ই কয়লা খনি দুর্ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালের মার্চ এবং ২০১১ সালে একই এলাকায় মিথেন গ্যাস বিস্ফোরণে বহু শ্রমিক নিহত হয়েছিলেন।


প্রাদেশিক সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;