আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, গত মঙ্গলবার ভোরে এই হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। ওই কেন্দ্র থেকেই মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সংবাদ সংস্থা রয়টার্স এবং আল জাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ভোর ৫টা ১১ মিনিটে হামলাটি হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বৃহত্তর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়নি এবং নেটওয়ার্ক সচল রয়েছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ঘটনার তদন্ত এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন যে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুতিরা জড়িত ছিল। সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায়, জোটের দাবি এটি একটি বেসামরিক স্থাপনায় হামলা যা মসজিদে নববীতে বিদ্যুৎ সেবা দেয়।
তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতিরা। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তার ভাষ্য, মক্কায় হুতিদের হামলার অভিযোগের পক্ষে সৌদি আরব প্রমাণ দিতে না পারায় বিষয়টি আড়াল করতেই মদিনার হামলার অভিযোগ তোলা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনায় হামলাটি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ ইসলামের দুই পবিত্র মসজিদকে লক্ষ্য করে হুতিদের হামলার ধারাবাহিক চেষ্টার অংশ। এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেয়ারও চেষ্টা করা হচ্ছে। পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা। দুই সপ্তাহ আগে সৌদি আরব মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল, যা হুতিরা অস্বীকার করে।
এদিকে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সৌদি জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে হুতিদের ছোড়া চারটি ড্রোন এবং খামিস মুশাইত ও জাজানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের জাবাল হাবাশি, মাকবানাহ এবং আল-মাসরাখ জেলার আল-আকরুদ ফ্রন্টে তীব্র সংঘর্ষে তারা হুতিদের কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments