বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ : 13 Jul 2026
বরিশালের পথে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে বরিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার, ১৩ জুলাই ভোর ৬টার পর ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত লাল-সবুজ বাসে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়কপথে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। এটিই হবে পথে তার প্রথম আনুষ্ঠানিক যাত্রাবিরতি। মহড়া পরিদর্শন শেষে তিনি বরিশাল নগরে প্রবেশ করবেন। এরপর গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বেলস পার্ক, লেক এলাকা কিংবা গ্র্যান্ড পার্কের আশপাশেও বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে সভাটি ইনডোরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরসূচিতে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়ও রয়েছে।


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, সাংগঠনিক সভা সুশৃঙ্খল করতে জোর প্রস্তুতি চলছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি ছয় লেন সড়ক, রেললাইন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ ও ইপিজেড প্রতিষ্ঠার বিষয়গুলো সুযোগ অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।


উল্লেখ্য, গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে বরিশাল বিভাগে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।


সম্পর্কিত খবর

;