সিলেটে বিভাগীয় সমাবেশ

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না: আমীরে জামায়াত

প্রকাশ : 26 Jul 2026
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না: আমীরে জামায়াত

সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে ৭০ ভাগ হ্যাঁ ভোট দিয়েছে। এই রায়কে অপমান করতে দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন করেই আন্দোলন সফল করা হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না। তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর, ৬ লেন সড়ক সম্পন্ন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ করার দাবি জানান।


সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এই ঐক্য। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি করা হলে জনগণ তা মেনে নেবে না।


সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পর সংস্কার ইস্যু উপেক্ষা করা হচ্ছে এবং ১১ দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারা গণভোটের রায়ের আলোকে গণপরিষদ গঠন ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানান।


সম্পর্কিত খবর

;