যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখছে ডিএমটিসিএল

হঠাৎ চলন্ত মেট্রোর দরজা খুলে গেল, ২৬ মিনিট চলাচল বন্ধ

প্রকাশ : 23 Sep 2026
হঠাৎ চলন্ত মেট্রোর দরজা খুলে গেল, ২৬ মিনিট চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তিনি বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে ওই রুটে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।


কি কারণে দরজা খুলে গেল সে বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি হিসেবেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। চলন্ত অবস্থায় হুট করে দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকা মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল এবং কারিগরি ত্রুটি মেরামতের পর সার্ভিস পুনরায় চালু করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয় ইন্টারলক ও সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ট্রেন চলন্ত অবস্থায় দরজা খুলে যাওয়া সাধারণত ডোর সেন্সরে ময়লা জমা, লকিং মেকানিজমের সাময়িক ব্যর্থতা বা সফটওয়্যার-ভিত্তিক সিগন্যাল ত্রুটির কারণে ঘটতে পারে। এর আগে মেট্রোরেলে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) তার ঝুলে থাকা এবং বেয়ারিং প্যাড খুলে পড়ার মতো ঘটনায়ও সার্ভিস বন্ধ রাখতে হয়েছিল এবং প্রতিবারই তদন্ত কমিটি গঠন করে নকশা ত্রুটি ও সরঞ্জামের মান খতিয়ে দেখা হয়েছিল। এবারের ঘটনায়ও ডিএমটিসিএলের কারিগরি টিম ত্রুটি সারিয়ে ট্রেনটি পরীক্ষা করে পুনরায় লাইনে দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দরজার সেন্সর ও লকিং সিস্টেমের পূর্ণাঙ্গ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

;