অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী টুকু

প্রকাশ : 02 Sep 2026
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 


হাসপাতাল সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্ত্রীকে প্রথমে জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন এবং মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানান ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস। 


মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঠান্ডা, জ্বর ও কাশির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর হোসেন নিশ্চিত করেন যে, জরুরি বিভাগে নেওয়ার পর মন্ত্রীকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং এর প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে আসেন। 


বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা তিনি ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন, তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। তার চিকিৎসার জন্য বুধবার সকালে মেডিকেল বোর্ড গঠন করা হবে, এরপর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকও মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 


উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান। 


এদিকে তার অসুস্থতায় আশু রোগমুক্তি কামনায় আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার সব উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্ব স্ব এলাকার বিএনপির নেতারা এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। 


পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

;