সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, তিন জেলার নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশ : 26 Sep 2026
রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, তিন জেলার নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট: দেশের উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা নেই। এ কারণে চার সমুদ্রবন্দর থেকে সব সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা আজ দুপুরে ১০ থেকে ১৫ কিলোমিটারে উন্নীত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।


এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে। 


অন্যদিকে সমুদ্রবন্দরগুলোর জন্য সুখবর দিয়ে অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। 


সম্পর্কিত খবর

;