দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশ : 24 Jul 2026
দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।


আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পিকার গত ১৯ জুলাই ঢাকা থেকে ব্যাংককে যান। এটি ছিল তার ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত সফর।


জানা গেছে, সফরসূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তিনি দুই দিন আগেই দেশে ফিরলেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, স্পিকার আজ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছাবেন বলে আগেই জানানো হয়েছিল।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হয়। ফলে এই মুহূর্তে স্পিকারের দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


এর আগে স্পিকার গত ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান সফর করেন এবং দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সম্পর্কিত খবর

;