প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান
ডেস্ক রিপোর্ট: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটি তোমার স্কুলে হোক, বাসার আশপাশে হোক, যেখানে সুযোগ পাবে সেখানেই গাছ লাগাবে।”
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করেন। এরপর তিনি বলেন, “আজকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। স্মরণীয় দিন। আমরা বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।”
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “যে গাছটি লাগাবে ওই গাছটি কী গাছ? ওই গাছটি কত দিন বাঁচে? কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে? মানুষের কী কী উপকারে লাগে—এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে।” তিনি আরও বলেন, “গাছগুলো যখন বড় হবে, স্কুলেই হোক বা বাসায় হোক, খেলতে খেলতে ক্লান্ত হলে ওই গাছের ছায়ায় সুন্দর করে বিশ্রাম করতে পারবে। বাসার আশপাশে গাছ বড় হলে ঘরে বসে সুন্দর বাতাস উপভোগ করতে পারবে।”
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগের সূচনা হয়। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা, যাতে বিদ্যালয়ের সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে ৬৪ জেলার বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন ও পদক্ষেপ প্রদর্শন করা হয়। জেলাভিত্তিক স্টলে স্কুল ফিডিং, জয়ফুল লার্নিং, ডিজিটাল এডুকেশন ও ফাউন্ডেশনাল লার্নিংসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments