শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 'মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়', দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : 15 Jul 2026
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 'মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়', দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও আন্দোলনকারীরা দাবিতে অনড় থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


পূর্বঘোষিত ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা সচিবালয়ের সামনেই অবস্থান নেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় এলাকা ছেড়ে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেলে পুলিশ সেখান থেকে ব্যারিকেড সরিয়ে নেয়।


একই সময়ে দুপুর দেড়টার পর রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এছাড়া মিরপুর-১০ এলাকায়ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। এতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট তৈরি হয়।


ঢাকার বাইরে রাজশাহীতে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়কের তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া কর্মসূচিতে সড়ক অবরোধের ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।


সিরাজগঞ্জে দুপুরে শহরের ইলিয়ট ব্রিজ পশ্চিমপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে কিছু সময় অবস্থান নেয়। গোপালগঞ্জে সরকারি কলেজ, লালমিয়া সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


ফেনীতে পরীক্ষা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ, দোয়েল চত্বর ও খেজুর চত্বরে জড়ো হন পরীক্ষার্থীরা। পরে দোয়েল চত্বরে সড়ক অবরোধ করলে ট্রাংক রোডসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে অফিসফেরত মানুষ ও রোগীবাহী যানসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পটুয়াখালীতে দুপুর ১টার দিকে শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলে শান্ত থাকার অনুরোধ জানান।


আন্দোলনকারীদের অভিযোগ, সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক এলাকায় পরীক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে যেতে হয়েছে। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি মোবাইল ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা তৈরি হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি নিয়েও বিতর্ক দেখা দেয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।


এর আগে মঙ্গলবারও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ওইদিন রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে তারা সড়ক ছাড়েন। এরপর আজ আবারও বিকেলে একই দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিভিন্ন জেলায় দীর্ঘ যানজট তৈরি হওয়ায় সাধারণ পথচারীরা দ্রুত সংকট সমাধানে সরকারের উদ্যোগ চেয়েছেন।





সম্পর্কিত খবর

;