এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক হৃদয় - ফিরলেন শান্ত

প্রকাশ : 02 Sep 2026
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক হৃদয় - ফিরলেন শান্ত

স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় বিসিবি এই স্কোয়াড ঘোষণা করে। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস এবং তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।


ঘোষিত দলে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা ইয়াসির আলী রাব্বিও জায়গা ধরে রেখেছেন। তবে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে এই স্কোয়াডে রাখা হয়নি।


ব্যাটিং বিভাগে লিটন, শান্ত, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত মুখের পাশাপাশি মোহাম্মদ সাইফ হাসান রয়েছেন। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।


বোলিং আক্রমণে থাকছে অভিজ্ঞতা ও বৈচিত্র্যের সমন্বয়। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ এবং পেস আক্রমণে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।


এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়ায়। পুরুষদের ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো হবে করোগি স্পোর্টস পার্ক, নিশিনে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে পুরুষদের প্রতিযোগিতা। নারীদের ক্রিকেট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে।


পুরুষ ক্রিকেটে মোট ১০টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। আর আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে লড়বে বাকি চারটি কোয়ার্টার ফাইনালের জায়গার জন্য। বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে ২৯ সেপ্টেম্বর, গ্রুপ-বি থেকে আসা হংকং, মালয়েশিয়া বা ওমানের বিপক্ষে।


উল্লেখ্য, এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্য রয়েছে। ২০১০ সালে গুয়াংজুতে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ, ২০১৪ ও ২০২২ আসরে জিতেছিল ব্রোঞ্জ। এবার তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে পদক পুনরুদ্ধারের লক্ষ্যে যাচ্ছে টিম টাইগার্স।


এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।


সম্পর্কিত খবর

;