২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২ জন

প্রকাশ : 24 Sep 2026
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২ জন

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃত ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ৩ জন করে মোট ৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগে ১ জন করে মারা গেছেন।


একই সময়ে নতুন ভর্তি ১৭৮২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৬৪ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন। নতুন ভর্তিদের মধ্যে ১০৬৮ জন পুরুষ ও ৭১৪ জন নারী। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী ২৬২ জন ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৪ দিনেই মারা গেছেন ১১৩ জন, যা মাসের হিসাবে এ বছরের সর্বোচ্চ। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে।


চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক হাজার রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশা নিধন ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সম্পর্কিত খবর

;