উজিরপুরের গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধন।

প্রকাশ : 13 Sep 2026
উজিরপুরের গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধন।


মহাসিন মিঞা লিটন বরিশাল:  উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ফাউন্ডেশন–২০০৪’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার শাজাহান হাওলাদার। আইডিয়াল কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  মনিরুল ইসলাম মিথুন।

অনুষ্ঠানে গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মইন খান, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউটের শিক্ষক জামাল হোসেন, সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ডাকুয়া, সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা দুলাল সিকদার ও সংগঠনের পক্ষে সুমন হাওলাদার।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বন্ধু মহল একতা ফাউন্ডেশন–২০০৪’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



সম্পর্কিত খবর

;