দৌলতপুরে হৃদয়বিদারক ঘটনা

বাবার মৃত্যুতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

প্রকাশ : 11 Sep 2026
বাবার মৃত্যুতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।


বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত নূর আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার একটু আগে বার্ধক্যজনিত কারণে বাবা জসিম উদ্দিন (৮৫) মারা যান। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মাগুরা জেলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ছেলে নূর আলম জিকু ও তার ভায়রাভাই আকিদুল ইসলাম। পথিমধ্যে ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় একটি বালুবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জিকু নিহত হন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকিদুলের বাড়ি মাগুরায়।


কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া-হ-১৬-৬৬৪৯ সিরিয়ালের মোটরসাইকেলের চালক নূর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জানাজা নামাজ শেষে লালনগর কবরস্থানে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।


নিহত জিকুর ভাই রুহুল আমিন ও কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তার ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে শেষবারের মতো বাবাকে দেখতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি।


এ বিষয়ে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বাবা ও ছেলের একসঙ্গে এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের পাশাপাশি কবরে একসঙ্গে দাফনের দৃশ্য এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ।


সম্পর্কিত খবর

;