রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

প্রকাশ : 24 Jul 2026
রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। স্পিকার সময় দিলে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।


সূত্রটি আরও জানায়, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই পদত্যাগপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রস্তুতিও গুছিয়ে রাখা হয়েছে।


এদিকে আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।


গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এ বিষয়ে বঙ্গভবনের আনুষ্ঠানিক প্রেস উইং থেকে এখনো কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর

;