মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব, সারাদেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

প্রকাশ : 16 Oct 2026
মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব, সারাদেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধূপ-ধুনুচি ও পঞ্চপ্রদীপে দেবী দুর্গাকে বরণ করে নেবেন ভক্তরা।


সনাতন পঞ্জিকা অনুযায়ী, এবছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং বিজয়া দশমীর দিন নৌকায় চড়ে স্বর্গলোকে গমন করবেন। ষষ্ঠী পূজা সম্পন্নের মাধ্যমে পাঁচ দিনব্যাপী উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। সে হিসাবে এবার মণ্ডপ বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে এবার ২৫৮টি মন্দির-মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছর ছিল ২৬১টি। রাস্তায় প্রতিমা বসানোর অনুমতি না থাকায় রাজধানীতে সংখ্যা কিছুটা কমেছে। প্রতিটি মন্দির ও মণ্ডপে ইতোমধ্যে প্রতিমা স্থাপন, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।


উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পুলিশ, আনসার ও র‍্যাবের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।


এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন। ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সকল সরকারি অফিস খোলা থাকবে।


সম্পর্কিত খবর

;