রফিকুল ইসলাম সুজন: বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৬৪ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ভিএআর রিভিউয়ের পর তারিক মুহারেমোভিচের গোড়ালিতে পা পড়ার ঘটনায় রেফারি রাফায়েল ক্লাউস তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডে পরের ম্যাচে স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। ফলে শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।
কিন্তু রবিবার ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা প্রয়োগ করে বালোগুনের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ধারাটিতে বলা হয়েছে, বিচারিক সংস্থা চাইলে শাস্তিমূলক ব্যবস্থা আংশিক বা পুরোপুরি স্থগিত করতে পারে। তবে আগামী এক বছরে একই ধরনের অপরাধ করলে এই স্থগিত নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং নতুন শাস্তিও যোগ হবে। ফিফা জানায়, লাল কার্ড বাতিল বা মুছে ফেলা হয়নি, শুধু নিষেধাজ্ঞার প্রয়োগ পিছিয়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি, রয়টার্স ও নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কে ফোন করে লাল কার্ডটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জানতে চেয়েছিলেন কেন লাল কার্ড দেওয়া হলো এবং কেন নিষেধাজ্ঞা আসছে। প্রয়োজনে হোয়াইট হাউসের আইনজীবীদের যুক্তরাষ্ট্র সকারের আইনি দলের সঙ্গে কাজ করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের চাপের পরই ইনফান্তিনো বিষয়টি খতিয়ে দেখতে রাজি হন।
ফিফার সিদ্ধান্তের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “ফিফাকে ধন্যবাদ সঠিক কাজটি করার জন্য এবং একটা বড় অবিচার সংশোধনের জন্য।” যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনও বিবৃতি দিয়ে জানায়, তারা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছে এবং বালোগুন সোমবার বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন বলে তারা খুশি। বালোগুন এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ তিন গোল করেছেন।
তবে ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। তারা এক বিবৃতিতে বলে, ফিফার এই পদক্ষেপ লাল কার্ড সংক্রান্ত নিয়মের সরাসরি পরিপন্থী এবং ফেয়ার প্লের মূলনীতিকে ক্ষুণ্ণ করে। সংস্থাটি সব আইনি বিকল্প খতিয়ে দেখার কথাও জানিয়েছে। ফিফার নিয়মে সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বলেই আগে দ্য অ্যাথলেটিক জানিয়েছিল। এবারই প্রথম ১৯৬২ সালের পর ফিফা এভাবে নিষেধাজ্ঞা স্থগিত করল বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
বালোগুন লাল কার্ড দেখে গ্যারিঞ্চা, রোনালদিনহো ও জিনেদিন জিদানের পর চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে গোল ও লাল কার্ডের তালিকায় নাম লিখিয়েছিলেন। বসনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করে। সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্র।
স্টাফ রিপোর্টার: হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সোমবার, ৬ জুলাই ২০২৬ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে চারটি দল। আইবেরিয়ান দ্বৈরথে আজ রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। অন্যদিকে ভোর ৬টায় শেষ ষোলোর আরেক ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ...
স্টাফ রিপোর্টার: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও জয় ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াই আজ রবিবার দিবাগত রাতে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২৮ বছর পর নকআউটে ওঠা নরওয়ে। সোমবার ভোর ...
সব মন্তব্য
No Comments