ভারতীয় ভিসায় দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

প্রকাশ : 04 Sep 2026
ভারতীয় ভিসায় দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিশ্চিত ভিসা, দ্রুত প্রক্রিয়াকরণ এবং নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লটের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।


হাইকমিশন জানিয়েছে, ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।


সতর্কবার্তায় বলা হয়েছে, হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদানের প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন না। সকল ভিসা আবেদন নির্ধারিত কার্যপদ্ধতি অনুযায়ী কঠোরভাবে প্রক্রিয়া করা হয়।


ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত অ্যাডভাইজরি ৩-এ স্পষ্টভাবে বলা হয়েছে, কিছু অসাধু এজেন্ট নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে নিশ্চিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লটের বিনিময়ে অর্থ আদায় করছে। হাইকমিশন জানিয়েছে, ঢাকার হাইকমিশন বা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাইকমিশনের কেউ কখনো ব্যক্তিগত ফোন কল, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার জন্য যোগাযোগ করে না।


হাইকমিশন আরও জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেয় না, ভারতীয় ভিসা সম্পূর্ণ বিনামূল্যে। আইভ্যাক কর্তৃক ভিসা প্রসেসিং ফি হিসেবে ১৫০০ টাকা নেওয়া হয়, যা ১০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর। এর বাইরে অ্যাপয়েন্টমেন্ট স্লট বা দ্রুত ভিসা ডেলিভারির জন্য কোনো অতিরিক্ত অর্থ দাবি করা হলে তা প্রতারণা।


সতর্কবার্তায় পরামর্শ দেওয়া হয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা যাবে না। ভারতের ট্রানজিট ভিসাসহ সব ধরনের ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসা আবেদন এবং গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে।


প্রতারকদের বিষয়ে তথ্য জানাতে হাইকমিশন একটি হটলাইন নম্বর ০১৩২৫০৮৯৯৭৫ দিয়েছে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ফোন নম্বর, স্ক্রিনশটসহ প্রাসঙ্গিক তথ্য পাঠিয়ে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সচেতন করার অনুরোধ জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;