জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

প্রকাশ : 12 Oct 2026
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় তার বাসায় এই হামলা হয়।


জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জি এম কাদেরের বাসভবনের সামনে ৫০ থেকে ১৫০ জনের একটি দল জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভের এক পর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়।


জি এম কাদের নিজেই গণমাধ্যমকে হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট-পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। তারা আমাদের ভারতের দালাল বলে স্লোগান দিচ্ছিল।


জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল সাড়ে ১০টার পর ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতকারী হামলা চালায়। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। হামলার সময় জি এম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি।


পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি দাবি করেন, বিক্ষোভ থেকে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে।


উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে রংপুরে জি এম কাদেরের পৈতৃক বাড়ি ‘দ্য স্কাইভিউ’তেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় জাতীয় পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। সেই ঘটনার প্রতিবাদে দলটি বরিশালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।


সম্পর্কিত খবর

;