দৌলতপুরে অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 22 Jul 2026
দৌলতপুরে অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার ২ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আব্দুল ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।


নিহত বৃদ্ধা নারীর আনুমানিক বয়স ৬৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারাগার মাঠ ও পদ্মা পাড়ের আব্দুল ঘাট এলাকায় ঘোরাফেরা করতেন এবং রাতও তিনি এসব এলাকায় অবস্থান করতেন। 


বুধবার সকালে নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।


মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদুর রহমান বলেন, পদ্মা তীরবর্তী এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহসহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। 


তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের সুরতহালে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত খবর

;