গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত: ঢাকাসহ ৭ জেলায় ঝড়ো হাওয়া-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : 23 Sep 2026
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত: ঢাকাসহ ৭ জেলায় ঝড়ো হাওয়া-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেই ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ঢাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৮.১° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি আজ (২৩ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭২০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২৩ সেপ্টেম্বর) রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ - দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, এটি ২৩ সেপ্টেম্বর রাতের শেষভাগ থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী অংশ অতিক্রম করবে।


এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।


এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আজকের দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর

;