ফুটবল বিশ্বকাপ ২০২৬

কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো

প্রকাশ : 05 Jul 2026
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো


স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব ১৬ এ সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে শনিবার ৪ জুলাই অনুষ্ঠিত ম্যাচে আটলাস লায়ন্সদের জয়ের নায়ক ছিলেন মিডফিল্ডার আজ্জেদিন ওউনাহি।


প্রথমার্ধে কানাডা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি ঘুরে দাঁড়ায় মরক্কো। ৫০ মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলের খাতা খোলেন ওউনাহি। গোলরক্ষক ম্যাক্স ক্রেপোর কিছুই করার ছিল না।


৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওউনাহিই। ব্রাহিম দিয়াজের কাট-ইন পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষককে পরাস্ত করে এই গোলেই কার্যত ম্যাচের ফয়সালা হয়ে যায়।


নির্ধারিত সময়ের শেষে যোগ করা ৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন সোফিয়ানে রাহিমি। ব্রাহিম দিয়াজের নিখুঁত অ্যাসিস্টে বল পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোল করেন তিনি। ৩-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।


এই জয়ের মধ্য দিয়ে ২০২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল। তারাও বিশ্বকাপ ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে দুইবার কোয়ার্টার ফাইনাল খেলার কীর্তি গড়ল। রাউন্ড অব ১৬ এ ওঠার পথে তারা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছিল।


অপরদিকে কানাডার বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনার সাথে ড্র, কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া এবং সুইজারল্যান্ডের কাছে হারের পর রাউন্ড অব ৩২ এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে নকআউটে উঠেছিল স্বাগতিকরা। তবে রাউন্ড অব ১৬ এর বাধা টপকানো হলো না তাদের।


ম্যাচ শেষে মরক্কো কোচ মোহামেদ ওউয়াহবি বলেন, "এটি বিশ্বকাপ। এখানে কঠিন সময় আসবেই। গুরুত্বপূর্ণ হলো যখন আমরা সেরা ছন্দে থাকব না তখনও লড়াই করে যাওয়া। মানুষ এখন মরক্কোকে নিয়ে কথা বলে একটি বড় ফুটবলিং দেশ হিসেবে। এটা আমাদের জন্য গর্বের।"


কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই মরক্কোর প্রতিপক্ষ প্যারাগুয়ে বনাম ফ্রান্স ম্যাচের বিজয়ী দল।

সম্পর্কিত খবর

;