MATADOR HI-SCHO ব্র্যান্ডের সহযোগিতা

উজিরপুরে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা

প্রকাশ : 24 May 2026
উজিরপুরে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা

বরিশাল অফিস: টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে বরিশালের উজিরপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ১৩০ নং পূর্ব তারাশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক সংগঠক মোঃ মিজানুর রহমান দেলোয়ার মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিডের বরিশাল অঞ্চলের আর.এস.এম খন্দকার বায়েজীদ বোস্তামী। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক সিডের এস.আর.টি.এস.ও মো: আবুল কালাম আজাদ। MATADOR HI-SCHO ব্র্যান্ডের সহযোগিতায় কর্মশালায় স্থানীয় শতাধিক কৃষক অংশ নেন।


প্রধান অতিথি মোঃ কফিল উদ্দিন বলেন, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা, পানি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। বায়োপেস্টিসাইড পরিবেশবান্ধব এবং উৎপাদিত ফসল নিরাপদ রাখে। কৃষি বিভাগ এখন সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে। ব্র্যাক সিডের প্রতিনিধিরা বায়োপেস্টিসাইডের প্রকারভেদ, প্রয়োগ পদ্ধতি, জৈব বালাইনাশক ব্যবহারে ফসলের গুণগত মান বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানোর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।


উজিরপুর উপজেলা বরিশালের অন্যতম কৃষি নির্ভর এলাকা। এখানকার প্রধান ফসল ধান, পাট, ডাল, তেলবীজ ও শাকসবজি। উপজেলায় প্রায় ৬৫% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে সরকারি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই নিবন্ধন করে ধান-চাল বিক্রির জন্য EoI আবেদন দাখিল করতে পারছেন। গুদামে ধান-চাল জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কৃষক SMS এর মাধ্যমে আপডেট পাচ্ছেন। এতে দীর্ঘসূত্রিতা কমেছে এবং কৃষকরা ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারছেন। তবে রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এখানকার মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইডের ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। 


কর্মশালায় অংশ নেওয়া ওটরা ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম বলেন, আগে সব পোকা মারতে বিষ দিতাম। এখন বুঝলাম উপকারী পোকাও মরে যায়। বায়োপেস্টিসাইড দিয়ে খরচ কমবে, ধানও নিরাপদ থাকবে। আয়োজকরা জানান, টেকসই কৃষি নিশ্চিত করতে বরিশাল অঞ্চলে পর্যায়ক্রমে এমন আরও কর্মশালা আয়োজন করা হবে।


সম্পর্কিত খবর

;