রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ : 17 Sep 2026
রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, আজ ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। রাজধানী ঢাকাতেও আজ দিনভর দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তাপপ্রবাহের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বৃষ্টির কারণে তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।


সম্পর্কিত খবর

;