কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জন নিহত, নিহতদের বেশিরভাগই শিশু-কিশোর

প্রকাশ : 07 Sep 2026
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জন নিহত, নিহতদের বেশিরভাগই শিশু-কিশোর

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।


শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় কাম্পানাস দে সিমা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের সাও ফিলিপ শহরের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের জানান, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।


দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফরপ্রেস জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহতদের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংস্থাটি আরও জানায়, এটি কোনো স্কুলের আয়োজিত ভ্রমণ ছিল না, বরং বাসচালকের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত বার্ষিক ভ্রমণ ছিল। চালক নিজেও দুর্ঘটনায় নিহত হয়েছেন।


কেপ ভার্দের স্বাস্থ্যমন্ত্রী লুসিও ফার্নান্দেস ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো কারভালহোর নেতৃত্বে একটি সরকারি দল ফোগো দ্বীপে যাচ্ছে। রাজধানী প্রায়া থেকে সার্জন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের একটি দল আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দেবে।


দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস এই ঘটনাকে "বড় বিপর্যয়" হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৭ জনকে দুর্ঘটনার পরপরই দাফন করা হয়েছে।


দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কেপ ভার্দেতে সড়ক অবকাঠামো সাধারণত ভালো বলে মনে করা হয় এবং এ ধরনের বড় দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

সম্পর্কিত খবর

;