অনিক রায়,ফরিদপুর অফিস: বোয়ালমারী উপজেলায় লিজ নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। ঘটনাটি ঘটেছে গত ৩০ মার্চ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী তপন গুহ ও আকরাম শেখ রবিবার (৫ এপ্রিল) ফরিদপুর আদালতে মামলা দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হিসেবে একই এলাকার আতিয়ার রহমান আতু শেখ (৬০) ও তার ছেলে সুজন শেখ (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লিজ নেওয়া জমিতে তারা পান চাষ করে আসছিলেন। তবে জমি ছেড়ে দেওয়ার জন্য অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিলেন। লিজ বাতিল না করায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে পানের বরজে আগুন দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার পানের বরজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া বাঁশের খুঁটি, ঝলসে যাওয়া পানগাছ এবং ছাইয়ের স্তূপ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এটি ছিল ওই এলাকার অন্যতম বড় পানের বরজ, যেখানে নিয়মিত ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করতেন।
ঘটনার দিন দুপুরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো বরজে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত অগ্নিসংযোগ। এতে তাদের জীবিকার প্রধান উৎস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক তপন গুহ বলেন, “এই বরজটাই ছিল আমার একমাত্র সম্বল। এখন পান তোলার মৌসুম চলছে। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
অন্যদিকে আকরাম শেখ বলেন, “আমাদের দুই পরিবারের শতভাগ বরজ পুড়ে গেছে। কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো, তা বুঝতে পারছি না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয় বাসিন্দা হানিফ শেখসহ একাধিক ব্যক্তি জানান, আগুনের ঘটনার পর বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছিল। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের ঘটনা শুধু দুইটি পরিবারের ক্ষতিই নয়, বরং পুরো এলাকার কৃষি অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মধুসূদন পান্ডে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments