ফরিদপুর(পাবনা) সংবাদদাতা : পাবনার ফরিদপুরে সম্মেলন ছাড়াই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার প্রতিবাদে গত চারদিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে আজ সন্ধ্যায় উপজেলার পুংগলি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দিঘুলিয়া বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারী ছাত্রনেতাদের অভিযোগ, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম টাকার বিনিময়ে গত ৫ অক্টোবর বিএনপি নেতার ছেলেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করেছেন। এরই মধ্যে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বর্তমানে কমিটি গঠনকে কেন্দ্র করে ফরিদপুরে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনের মধ্যে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। ছাত্রলীগের এই প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার ও পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে শুধুমাত্র প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সোহেল রানাকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অথচ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকা সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাবা আব্দুল হামিদ ২০১৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বি-নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সভাপতি সোহেল রানার পিতা জহুরুল ইসলাম বিনগর ইউনিয়ন বিএনপি'র পদবীধারী নেতা বলেও অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের। এ ঘটনায় ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা গত তিন দিনে উপজেলা শহর সহ বিভিন্ন ইউনিয়নে দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগের এসব কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন দিচ্ছেন উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে অনিয়মের অভিযোগে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বিষয়টি তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব দিয়েছেন। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু ও উপদপ্তর সম্পাদক ইমরান শেখ। তারা আগামী সাত দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে সভাপতির নিকট প্রতিবেদন জমা দিবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ফরিদপুর উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম মুরাদ বলেন, উৎকোচের বিনিময়ে বিএনপি পরিবারের সন্তানকে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের পদ দিয়ে কমিটি বাণিজ্য করেছেন জেলা ছাত্রলীগ। তাই ছাত্রলীগের নেতারা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদ চলবে। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এসব কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মতামত ছাড়াই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। যাদেরকে চিনি না এবং বিএনপির পরিবারের সদস্য, তারা কিভাবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পেলো তা বোধগম্য নয়। তাই সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে কমিটি গঠনে উৎকোচ নেওয়ার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাদের পরামর্শক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়। কিন্তু এখন তাদের অনেকে ভিন্ন কথা বলছেন। এ অবস্থায় পদবঞ্চিত নেতারা ভিত্তিহীন অভিযোগ করে বিভ্রান্তির চেষ্টা করছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments