পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে অস্ত্র,চাঁদাবাজি,হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার আসামি নজরুল ইসলাম জুলুকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
নিজেকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী এই ব্যক্তিকে শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে নগরীর খুলিপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার জন্য থানার হাজতখানা থেকে বের করা হলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। এ সময় নজরুল ইসলাম জুলু সাংবাদিক মাজারুল ইসলাম চপলের দিকে তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে রাজশাহীর পাঁচ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
হুমকির শিকার সাংবাদিকরা হলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু,যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,পাঠাগার সম্পাদক সুরুজ আলী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মামলার বাদী রাজিব আলী রাতুল।
সাংবাদিক ও স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর জুলু সশস্ত্র সহযোগীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাব দখল করেন। পরবর্তীতে প্রেসক্লাবকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং মামলা বাণিজ্যের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এর আগে সিনিয়র ফটো সাংবাদিক শামস রুমির দায়ের করা একটি চাঁদাবাজির মামলায়ও তাকে আটক করা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ,প্রভাব বিস্তার করে তিনি বহু মানুষকে হয়রানি করেছেন এবং তার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সক্রিয় ছিল।
পুলিশের সিডিএমএস তালিকা অনুযায়ী, নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। তবে একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, বাস্তবে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ২৪টিরও বেশি। এসব মামলার মধ্যে হত্যা,হত্যা চেষ্টা,অবৈধ অস্ত্র,চাঁদাবাজি,
ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান বলেন, “জুলু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি ও দখলদারিত্বের সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তার গ্রেপ্তার আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, “অভিযান চালিয়ে নজরুল ইসলাম জুলুকে আটক করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
জুলুর গ্রেপ্তারের ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে বিভিন্ন মহল মনে করছে। তারা আশা করছেন, তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments