আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্যাকেট তরমুজের বীজ দিয়ে শুরু করা চাষ এখন রূপ নিয়েছে বাণিজ্যিক উদ্যোগে। আধুনিক পদ্ধতিতে ৫০ শতক জমিতে দুই জাতের তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছেন তিনি। এতে কৃষিকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা।
মিনহাজ উদ্দিন বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রণগাঁও ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ২০২৩ সালে চণ্ডীপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২৫ সালে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে একই প্রতিষ্ঠানে ফাজিল (অনার্স) শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
আলিম পরীক্ষা শেষ করার পর শখের বসে দুই প্যাকেট তরমুজের বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন মিনহাজ। প্রথমবার ভালো ফলন পাওয়ার পর কৃষির প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়। পরে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেন। তাদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা কাজে লাগিয়ে এবার বড় পরিসরে তরমুজ চাষে নামেন তিনি।
নিজের অর্থায়নে মালচিং পদ্ধতিতে মাচায় দুই জাতের তরমুজ চাষ করেছেন মিনহাজ। এর মধ্যে ‘সূর্য ডিম’ জাতের হলুদ রঙের তরমুজটি বাইরে থেকে বীজ সংগ্রহ করে নিজ উদ্যোগে চাষ করেছেন। অন্যদিকে ‘মার্সেলো’ জাতের কালো তরমুজটি কৃষি অফিসের সরকারি একক ফল বাগান প্রদর্শনীর আওতায় চাষ করেছেন তিনি।
প্রায় ৫০ শতক জমি লিজ নেওয়াসহ তরমুজ চাষে মিনহাজের মোট খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। ইতোমধ্যে ক্ষেতের তরমুজ বিক্রি শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি তরমুজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন তিনি। ৭০ থেকে ৮০ দিনের মধ্যে হারভেস্ট শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তা প্রায় শেষ পর্যায়ে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে প্রায় তিন লাখ টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছেন মিনহাজ।
মিনহাজ উদ্দিন বলেন, “শখের বসে দুই প্যাকেট বীজ দিয়ে তরমুজ চাষ শুরু করেছিলাম। প্রথমবার ভালো ফলন পাওয়ার পর মনে হয়েছে, পড়াশোনার পাশাপাশি এটিকে বাণিজ্যিকভাবে করা সম্ভব। এবার ৫০ শতক জমিতে চাষ করেছি। জমি লিজসহ মোট খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। বর্তমানে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে তরমুজ বিক্রি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রায় তিন লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারব বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করছি। যারা লেখাপড়া করে ঘুরে বেড়াচ্ছেন, তারা কৃষি অফিসে যোগাযোগ করে আমার মতো উদ্যোক্তা হতে পারেন। কৃষিকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ রয়েছে।”
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, “২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মো. মিনহাজ উদ্দিনকে একক ফল বাগান প্রদর্শনীর মাচায় তরমুজ চাষ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে সরবরাহ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম নিয়মিত মাচায় তরমুজ চাষে তাকে কারিগরি পরামর্শ দিয়েছেন।”
কৃষি কর্মকর্তা আরও বলেন, “মিনহাজ উদ্দিনের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। একজন মাদ্রাসাশিক্ষার্থী হয়েও পড়াশোনার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষে যুক্ত হয়েছে সে। বিশেষ করে নিজের উদ্যোগে নতুন জাতের তরমুজ চাষের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ ও প্রদর্শনীর আওতায় আরেকটি জাতের তরমুজ চাষ করছে। শিক্ষিত তরুণরা কৃষিকে শুধু পেশা হিসেবে নয়, উদ্যোক্তা হওয়ার মাধ্যম হিসেবেও নিতে পারে। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগাতে পারলে তরুণদের জন্য কৃষিতে ভালো সম্ভাবনা রয়েছে।”
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘রণগাঁও টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ’-এর মাধ্যমে সরকারি একক ফল বাগান প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ‘মার্সেলো’ জাতের কালো তরমুজ চাষ করা হয়েছে।
পড়াশোনার পাশাপাশি মিনহাজের এই উদ্যোগ শুধু তার নিজের স্বাবলম্বী হওয়ার পথই তৈরি করছে না, বরং এলাকার শিক্ষিত তরুণদেরও কৃষিতে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। চাকরির পেছনে না ছুটে আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে তার এই উদ্যোগ।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments