স্টাফ রিপোর্টার: দেশে জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য খাতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া ট্যানারি বর্জ্য থেকে তৈরি পোল্ট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার ও কিডনি রোগের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে বলেও জানান তিনি।
আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে এক লাখ ৩৯ হাজার ৬৭৫ ভায়াল বা ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। কোনো এলাকায় অতিরিক্ত রোগী এলে পাশের উপজেলা, জেলা কিংবা কেন্দ্রীয় মজুত থেকে তাৎক্ষণিক সরবরাহের ব্যবস্থা রয়েছে। কোনো জেলার মজুত শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরবরাহ পৌঁছানো পর্যন্ত জেলা প্রশাসকদের তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন কিনে দেওয়ার নির্দেশনা রয়েছে। ফলে আগামী দিনে রোগীর সংখ্যা বাড়লেও ভ্যাকসিনের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চার স্তরে আমরা মজুত রেখেছি। আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের কোনো অভাব হবে না।’ তিনি জানান, জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ, স্বাস্থ্যখাতে জনবল নিয়োগ এবং খাদ্য নিরাপত্তা, এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এসব উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ করা হবে। তিনি জানান, বর্তমানে ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ পদেও নিয়োগ কার্যক্রম চলছে। তিনি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। নার্সের ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে শূন্য রয়েছে ৫ হাজার ৩২টি। এছাড়া স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট অন্যান্য পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ খালি রয়েছে।
ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও মাছের খাদ্য নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ব্যবহৃত ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু খাদ্যের মাধ্যমে প্রাণীর শরীরে প্রবেশ করে। পরে সেই মাংস, ডিম বা মাছ মানুষের খাদ্য হিসেবে গ্রহণ করলে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার ও কিডনি রোগের ঝুঁকি তৈরি হয়। এসব খাদ্যে থাকা বিষাক্ত ‘হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম’ রান্নার তাপেও ধ্বংস হয় না। ফলে জনস্বাস্থ্যের জন্য এটি একটি বড় হুমকি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ঝুঁকি মোকাবিলায় ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করা হয়েছে। এছাড়া ট্যানারি বর্জ্য ব্যবহার করে অবৈধভাবে পোল্ট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বছরে ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষুধ সরবরাহ করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments