স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। পরে জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মাসুম মিয়া।
এর আগে রোববার ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং এতে সেখানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ আরও দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও সেখানে আসার বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।
সোমবার শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত, তাছলিমা জাহান পপিসহ কয়েকজন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
গ্রেফতার ২৭ জন হলেন দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
গত শনিবার দুপুর ৩টার পর ঢাকার গুলিস্তানের জিপিও এলাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয়ে থাকা প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়। ওই সময় কিছু সংবাদকর্মীও আটকা পড়েন বলে জানা যায়। পরে যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং রোববার বাকি ২৪৯ জনকে ছেড়ে দেয় পুলিশ।
অভিযানের সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্র হওয়ার তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান এবং ভেতরে সভা চলার তথ্যও পুলিশের কাছে ছিল। কারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এবং তাদের মধ্যে কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
অন্যদিকে জাসদের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের অনুমতি নিয়েই সারাদেশ থেকে আসা নেতাদের অংশগ্রহণে প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের অভিযোগ, সভা চলাকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে হামলা চালান। পরে পুলিশ তাদের বের করে দিয়ে জাসদের নেতাকর্মীদের আটক করে। দলটির ভাষ্য, সভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকার অভিযোগ সঠিক নয়।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments