সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসও নিষিদ্ধ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিক নয়

প্রকাশ : 24 Sep 2026
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিক নয়

স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি হাসপাতালের সীমানা থেকে এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে ওই সীমানার মধ্যে আগে থেকে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।


বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদেশটি জারি হলেও বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।


অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর-৩ এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। সভার সিদ্ধান্তে বলা হয়, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া যাবে না এবং বিদ্যমান প্রতিষ্ঠানেও সরকারি চিকিৎসকদের প্র্যাকটিস বন্ধ করতে হবে।


নির্দেশনা বাস্তবায়নে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতেও আদেশে বলা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোর আশেপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার অনেক সরকারি চিকিৎসক নিয়মিত কর্মঘণ্টার পর ওইসব ক্লিনিকে প্র্যাকটিস করেন, যার ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়।


চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফেরাতে, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে এবং সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

;