বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ : 01 Sep 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঢাকার রমনা বটমূলে এক জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। 


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। 


তারেক রহমান তার বাণীতে বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ব্যবস্থা প্রবর্তনের পর দেশে গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল, যা দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করে। 


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 


কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। 


এবারের কর্মসূচিতে আলোচনা সভা ও পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও রাখা হয়েছে। যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মৎস্য অবমুক্তকরণ এবং যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে। 

সম্পর্কিত খবর

;