জ্বালানির দাম ২০ টাকা বৃদ্ধি
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৈঠক শেষে শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বাসভাড়া নির্ধারণের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ওই নীতিমালা অনুযায়ী সাধারণত ডিজেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় এক পয়সা বাড়ে। সে হিসাবে এবার ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ার কথা ছিল।
তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মালিকরা এতে সম্মতি দিয়েছেন। ফলে সব রুটে অভিন্নভাবে প্রতি কিলোমিটারে ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। মিনিবাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে প্রাথমিক বৈঠক হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে দূরপাল্লায় ২০ পয়সা এবং শহরে ১৮ পয়সা বাড়ানোর নীতিগত প্রস্তাব করা হয়েছিল। আজকের চূড়ান্ত বৈঠকে সেটি কমিয়ে ১৭ পয়সা করা হলো।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায় সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা লিটার বিক্রি হচ্ছে। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল, তখন বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments