স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, তথা প্রথম বাজেট অধিবেশন আগামীকাল রোববার, ৭ জুন বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১১ জুন বাজেট উপস্থাপন করা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশন ১০ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলে। প্রথম অধিবেশনের ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়। এর মধ্যে ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’, ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ এবং ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’ উল্লেখযোগ্য।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানান, বিগত ১৬ বছরের ‘সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের’ কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধে অগ্রাধিকার দিচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকার ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী সম্প্রতি বলেন, “তলানিতে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বড় বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। এ কারণেই সরকার বড় বাজেট প্রণয়ন করছে।” তিনি জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক বাস্তবতার কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে, পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের ‘কুশন’ প্রয়োজন।
এদিকে বাজেট অধিবেশন সামনে রেখে গত ৩ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে। বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বাজেট অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। তবে ঐতিহ্য অনুযায়ী বাজেট পেশের পর প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে জুনের শেষ সপ্তাহে বাজেট পাস হয়। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ তথ্ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের ...
স্টাফ রিপোির্টার: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন কারণে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি। আজ শনিবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসির বিদ্যুতের মূল্যবৃদ্ ...
সব মন্তব্য
No Comments